ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
- আপডেট সময় : ০১:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 97
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
মার্কিন দূতাবাসের সামনে তরুণদের মিছিল
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে একদল তরুণ বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা মহাসড়কে অবস্থান নিলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলকারীদের সামনে অবস্থান নেয় পুলিশ।
নিরাপত্তায় সেনা সদস্যদের মানবপ্রাচীর
সকাল থেকেই মার্কিন দূতাবাসের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনা সদস্যদের মোতায়েন করা হয়। সরেজমিনে দেখা গেছে, তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করেছেন। আগত ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে এবং কাউকে ফুটপাথ কিংবা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।
ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল
দুপুর ১২টার দিকে নতুন বাজার এলাকার মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয়, ফলে কিছুটা স্বস্তি ফেরে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল। মিছিল ঘিরে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। গুলশান বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত আছেন।
জিহাদের ডাক শিক্ষার্থীর কণ্ঠে
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যতদিন পৃথিবী থাকবে, ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া, জিহাদ ঘোষণা করা। এই বিশ্বব্যাপী বিক্ষোভ তারই প্রথম ধাপ।’

























