উপাধ্যক্ষ হত্যা রহস্য : ২৪ ঘন্টার মধ্যে ফরিদপুর থেকে দম্পতি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 837
রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের পরিচয় ও পুলিশের ভাষ্য:
গ্রেফতারকৃত দম্পতিরা হলেন- নাজের ও রূপা। ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, “আজ ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাছাকাছি চলে এসেছি। তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করতে পারব।”
উত্তরখান থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, “উত্তরখানের পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন ওই উপাধ্যক্ষ। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রূপা ও নাজের নামের এই দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।” এদিকে এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করেছে উত্তরখান থানা পুলিশ। মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামিদের রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





















