গুলশান শুটিং ক্লাবের সামনে মাথায় গুলি করে যুবককে হত্যা
- আপডেট সময় : ১২:৪৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 122
রাজধানীর গুলশান থানাধীন পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশান-১ শুটিং ক্লাবের সামনে রাস্তার উপর সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়।
নিহতের পরিচয় ও পরিবারের বর্ণনা:
নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন ইউনিয়নের সালাইপুরে। তার বাবার নাম মাহফুজুর রহমান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর মহাখালী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। সুমনের স্ত্রী মৌসুমী জানান, সুমন ইন্টারনেটের ব্যবসা করতেন। মহাখালী এলাকায় লাইন সংযোগ দিতেন। স্থানীয় বিরোধী পক্ষ সেখান থেকে অনেক হয়রানি করে সুমনকে বের করে দেয় ও ব্যবসা কেড়ে নেয়।
প্রত্যক্ষদর্শীর বিবরণ ও পুলিশের পদক্ষেপ:
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমনকে গুলি করা দুর্বৃত্তের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত ৯টার দিকে গুলির ঘটনা ঘটে। কারা কেন গুলি করেছে, কতজন ছিল তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। এখনও কোনো আসামি গ্রেফতার নেই।
ব্যবসায়িক বিরোধ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা:
সূত্র জানায়, রাজধানীর মহাখালী এলাকায় একসময় ইন্টারনেট সংযোগের বড় ব্যবসায়ী ছিলেন সুমন। পরে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা হারান। স্থানীয় বিরোধী পক্ষের হুমকিতে ছাড়তে বাধ্য হন সুমন। তার পরও শেষ রক্ষা হলো না। প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে তাকে। নিহত সুমনের শ্যালক মো. বাদশা মিয়া রুবেল জানান, সুমন বনানী থানা যুবদল কর্মী ছিলেন। মহাখালী টিভি গেট এলাকায় ‘একে৪৭’ গ্রুপের রুবেল নামে এক ব্যক্তি ডিসের ব্যবসা করেন। তার সঙ্গেই সুমনের ব্যবসা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ আছে। মাঝে মাঝে সে সুমনকে হত্যার হুমকি দিত। ওই গ্রুপের লোকজন সুমনকে গুলি করে থাকতে পারে। 1
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




















