চলন্ত বাসে ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট, ২ নারীর শ্লীলতাহানি
- আপডেট সময় : ১১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / 415
ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে চলন্ত বাসে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে একদল ডাকাত। এ সময় দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।
সোমবার রাত ১১টায় ইউনিক রোড রয়েলসের আমরী ট্রাভেলস নামের একটি বাস (নম্বর ময়নসিংহ-ব-১১-০০৬৯) ৪০ জন যাত্রী নিয়ে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টা ৩৫ মিনিটে বাসটি গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় পৌঁছালে ডাকাতরা তাদের তাণ্ডব শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতি চালায় তারা। যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, গহনা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
দুই নারীর শ্লীলতাহানির অভিযোগ:
যাত্রীরা জানান, ডাকাতির সময় দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
বাসের যাত্রী সোহাগ হোসেন জানান, গাবতলী থেকে বাসটি ছাড়ার সময় পেছনের সিটে তিনজন ডাকাত ওঠেছিলেন। কিছু দূর এসে তারা আরও পাঁচজনকে বাসে তোলে। এরপর তারা যাত্রীদের মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়।
আরেক যাত্রী মজনু আকন্দ জানান, তার ৪৬ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাসে মেয়েদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক।
মির্জাপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, তারা ঘটনাটি তদন্ত শুরু করেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, যাত্রীরা মৌখিকভাবে ডাকাতির কথা জানিয়েছেন। তবে দুই নারী যাত্রীর শ্লীলতাহানির বিষয়ে কেউ কিছু বলেননি।
ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।
এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।











