পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ
- আপডেট সময় : ১০:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / 143
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফরিদপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালানোর অভিযোগে দুটি মামলার আসামি জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়া এই শ্রমিক লীগ নেতাকে খুঁজে পায়নি পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার ঢাকায় সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তাঁকে বক্তব্য দিতে দেখা যাওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের অন্যতম সমন্বয়ক আবরাব নাদিম ইতু বলেন, ‘গোলাম নাছির তাঁর সহযোগীদের নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছিলেন। এখন তাঁকে যদি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে দেখা যায়, তা আমাদের জন্য দুঃখের বিষয়।’
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গোলাম মো. নাছির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় এজাহারভুক্ত আসামি। একটি অনুষ্ঠানের ভিডিওতে তাঁকে বক্তব্য দিতে দেখা গেছে। ভিডিওটি এসপি (পুলিশ সুপার) স্যার ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখাকে জানিয়েছেন। কিন্তু সেখানে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। নাছিরকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।



















