ফরিদপুর পলিটেকনিকে ‘কাফনের কাপড়’ মাথায় বেঁধে শিক্ষার্থীদের গণমিছিল
- আপডেট সময় : ০৮:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / 230
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিলে অংশ নিয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘৮৭ সালের কাফন আন্দোলনের’ অনুকরণে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়।
পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে সভাপতিত্ব করেন কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহান। ক্যাম্পাসের অভ্যন্তরেই অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের সপ্তম পর্বের মো. আশিক ও শফিকুল ইসলাম, এবং মেকানিক্যাল বিভাগের তৃতীয় পর্বের ছাত্র শাকিবসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।
গণমিছিল চলাকালে শিক্ষার্থীরা বলেন, “আমরা আজ কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিলে নেমেছি। আমাদের ছয় দফা দাবি মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া হলেও, এখনো তা লিখিতভাবে বাস্তবায়ন করা হয়নি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
শিক্ষার্থীরা আরও জানান, দাবি পূরণে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনীহা দেখায়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্ররা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত লিখিত নিশ্চয়তা দিন, যাতে আমরা স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারি।





















