ফরিদপুরে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে একজন আহত
- আপডেট সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 439
ফরিদপুরের সালথা উপজেলায় দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলা সদর বাজারে বিএনপি ও শ্রমিক লীগের দুই নেতার ভাতিজাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপি নেতার ভাতিজা কুপিয়ে আহত হয়েছেন।
আহত ব্যক্তি হলেন বিএনপি নেতা মো. শাহিন মাতুব্বরের ভাতিজা পিয়াল মাতুব্বর। তাকে কুপিয়ে জখম করেছে শ্রমিক লীগ নেতা মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর ভাতিজা মো. বাহার চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্টের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
দুপুরে পিয়াল মাতুব্বর যখন তার দোকানে ছিলেন, তখন বাহার চৌধুরী একটি কোদাল নিয়ে এসে তাকে কুপিয়ে জখম করে। পরে উত্তেজিত জনতা শ্রমিক লীগ নেতার বাড়ি ও দোকানে হামলা চালায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।



















