ফরিদপুরে ব্যবসায়ীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: বিএনপি নেতা নাসির গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 1170
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ মামলার প্রধান আসামি মো. নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাসির কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে এবং সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক।
জানুয়ারির ঘটনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট
পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া এবং বহিষ্কৃত বিএনপি নেতা নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনশেড ঘরে অগ্নিসংযোগ করে।
বিএনপি নেতার সমর্থকদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ
এ সময় হাসান আশরাফের ঘর ছাড়াও বিএনপি নেতা মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর এবং শফিক নামে এক ব্যক্তির দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে।
একাধিক মামলার পলাতক আসামি
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা সহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।



















