ফরিদপুরে মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে কৃষক দলের দুই নেতাকে বহিষ্কার ও স্থগিত
- আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 506
ফরিদপুরে মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে কৃষক দলের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কৃষকদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর মহানগর শাখা কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফরিদ শেখকে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, একই শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহিরের পদ স্থগিত করা হয়েছে। তাকে তিন দিনের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের বাহিরদিয়া বাজার এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে জহুরুল ইসলাম ও ফরিদ শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে মোবাইল ছিনতাই, বোমাবাজি ও গুলি বর্ষণের অভিযোগ করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামলা রেকর্ড করে তদন্ত শুরু করে।
এই ঘটনার পর কৃষক দলের কেন্দ্রীয় কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।



















