মদপানে ফরিদপুর রাজেন্দ্র কলেজের ২ ছাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / 290
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতে ওই দুই তরুণীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার (১২ অক্টোবর) ভোরে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস( ২০)। তিনি মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে দুর্গা পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে মারা যান।




















