অনুমোদনহীন নির্মাণ: ফরিদপুরে শাহ ফরিদ হাউজিং-কাজ বন্ধ করে দিল উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / 319
ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মো: ওমর আলী খানের মালিকানাধীন শাহ ফরিদ হাউজিং কোম্পানির আবাসন প্রকল্প নাহার গার্ডেনের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুর-এর নির্দেশ অমান্য করে অনুমোদনবিহীন শাহ ফরিদ হাউজিং-এর নাহার গার্ডেন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বিকেলে সরেজমিনে এসে নির্দেশনা ও কাগজপত্র তলব করেন। প্রশাসনের এই নির্দেশ অমান্য করে একই দিন রাতের আঁধারে ভবনের ছাদে কাজ চালিয়ে যাচ্ছিল শ্রমিকরা। এই সংবাদ প্রশাসন অবগত হলে রাত ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি), কোতয়ালী থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোকজন হাজির হয়ে ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং স্থায়ীভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় বিদ্যুৎ লাইনের তার জব্দ করা হয়।
শাহ ফরিদ হাউজিং কোম্পানির ওমর শপিং কমপ্লেক্স-২ ভবনে আড়ং-এর একটি আউটলেট অবস্থিত। এই ভবনটি শহরের অন্যতম প্রাণকেন্দ্র মহাকালি পাঠশালার চৌরাস্তায় অবস্থিত। সম্প্রতি মহাকালি পাঠশালা মোড়ে জেলা যুবদলের ব্যানার ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। এই ঘটনায় সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ক্ষোভ প্রকাশিত হয়। অভিযোগ উঠেছে, এই ভবনটিও বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ করা হয়েছে এবং এর কারণে দিনে-রাতে যানজট লেগে থাকে।
অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও গণপূর্ত বিভাগ ফরিদপুর-এর নির্দেশ অমান্য করে অনুমোদনহীন এই ভবনের কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। সেই নির্দেশ অমান্য করে এই ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে—এমন সংবাদ পেয়ে আমরা তাদের অবৈধ কাজ বন্ধ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর আলী খান অভিযান চলাকালীন সময়ে অনুপস্থিত ছিলেন। ভবনের শ্রমিকরা জানাতে পারেননি তিনি কোথায় আছেন। এ সময় তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।



















