কর ফাঁকির দায়ে পদত্যাগ ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের
- আপডেট সময় : ১০:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 283
কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। আজ শুক্রবার তিনি এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি লেবার পার্টির ডেপুটি লিডার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য এটি একটি বড় ধাক্কা।
বিতর্কের সূত্রপাত
৪৫ বছর বয়সী অ্যাঞ্জেলা রেনারের বিরুদ্ধে একটি ট্রাস্টের সঙ্গে পারিবারিক বাড়ির শেয়ার বিক্রি সংক্রান্ত লেনদেনে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। তিনি একটি ট্রাস্টের কাছে নিজের পারিবারিক বাড়ির শেয়ার বিক্রি করে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হোভে একটি ফ্ল্যাট কিনেছিলেন। রেনার ভেবেছিলেন, দ্বিতীয় বাড়ি কেনার জন্য যে বাড়তি কর দিতে হয়, তা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু পরে আইনি পরামর্শ নিতে গিয়ে তিনি নিজের ভুল বুঝতে পারেন। এরপর তিনি নিজেই মন্ত্রিসভার নীতিশাস্ত্র-বিষয়ক স্বাধীন উপদেষ্টাকে বিষয়টি তদন্তের অনুরোধ জানান।
দায় স্বীকার ও রাজনৈতিক প্রভাব
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো পদত্যাগপত্রে রেনার তার ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে লেখেন, ‘নতুন বাড়ি কেনার পর কর-সংক্রান্ত বিষয়ে আমি কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিইনি। আমি এই ভুলের সম্পূর্ণ দায় নিচ্ছি।’
রেনারের পদত্যাগে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘রেনারের মতো একজন দক্ষ প্রশাসকের বিদায় দুঃখজনক। তবে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’ অ্যাঞ্জেলা রেনার ছিলেন কিয়ার স্টারমারের মন্ত্রিসভার অষ্টম সদস্য, যিনি পদত্যাগ করলেন। তাকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হচ্ছিল এবং লেবার পার্টির বাম ও মধ্যপন্থী নেতাদের মধ্যে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন।


























