চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার
- আপডেট সময় : ১১:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 310
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছেন। খবর খালিজ টাইমসের।
ভারত ও পাকিস্তানে ঈদ:
খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে।
ইন্দোনেশিয়া ও ব্রুনাইতে ঈদ:
এদিকে ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে। ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশটিতে এবার রোজা হচ্ছে ২৯টি।
অস্ট্রেলিয়ায় ঈদ:
এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।
বাংলাদেশে চাঁদ দেখার অপেক্ষা:
এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস:
তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছে, বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে। আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
কেন্দ্রের পোস্ট:
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এ পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।’
























