ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে লাখো ভক্তের সমাগমে উরস শুরু
- আপডেট সময় : ০৯:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 156
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরি (কু.ছে.আ) এর চার দিনব্যাপী পবিত্র উরস শুরু হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত সমবেত হচ্ছেন।
উরস উপলক্ষে মঞ্জিলের আশপাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তাবু স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষাধিক মানুষ জুমার নামাজ আদায় করেছেন। দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উরসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, উরসে প্রতিদিন ফরজ নামাজের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, মোরাকাবা, ওয়াজ-নসিহত এবং বিশেষ দোয়া চলবে। পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরীর রওজা জিয়ারত করা হবে এবং বিশ্ব শান্তির জন্য আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরস শেষ হবে।
উরসে আগত ভক্তদের নিরাপত্তা ও সুবিধার্থে বিশ্ব জাকের মঞ্জিল কর্তৃপক্ষ বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করেছে। তাবু, খাবার, পানি ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতের আসাম, ত্রিপুরা, কোচবিহারসহ বিভিন্ন দেশ থেকে লাখো ভক্ত এই উরসে অংশগ্রহণ করছেন।



















