ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে সোমবার রাতে হাওয়া বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি তুরাব আলী বিশ্বাসের স্ত্রী।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হাওয়া বেগম ও স্বামী তুরাব আলী বিশ্বাস এবং মেয়ে তাবিয়া (৩) সহ তাদের বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাতে খাবার খেয়ে তুরাব বিশ্বাস তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী ময়নার বাজার চায়ের দোকানে যান।
পরে রাত আনুমানিক ১১ ঘটিকায় বাড়িতে এসে স্ত্রীকে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁকা দিয়ে দেখতে পান, তার স্ত্রী হাওয়া বেগম ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। তোরাব ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে হাওয়া বেগমের মৃতদেহ নামিয়ে রাখেন।
পুলিশের বক্তব্য
স্থানীয় গ্রাম পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে সদরপুর থানা পুলিশকে খবর দেন। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। আমরা জানতে পেরেছি, মৃত হাওয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তিনি মাঝেমধ্যেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেতেন।