ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত, আহত ৪
- আপডেট সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 508
ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) মারা গেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) চৌরঙ্গীর মোড় কুজুরদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আসমা নগরকান্দার আজলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল্লাহ আল আজাদের স্ত্রী। তাদের বাড়ি নগরকান্দা উপজেলার মধ্যজগদিয়া গ্রামে।
সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঈনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে মাহিন্দ্রা গাড়িযোগে ফরিদপুর শহরের বাসায় ফিরছিলেন আসমা। পথে চৌরঙ্গীর মোড় এলাকায় তাকে বহনকারী মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাহিন্দ্রার আরও চার যাত্রী আহত হন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



















