মাছ ছিনতাইয়ে সাবেক এমপির ছেলে আটক
- আপডেট সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 416
কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) মাছভর্তি একটি টমটম ছিনতাইয়ের অভিযোগে আটক করেছে পুলিশ। তার চার-পাঁচজন সহযোগী টমটমসহ মাছ নিয়ে পালিয়ে গেছে।
ঘটনার বিস্তারিত
জানা গেছে, বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছ চাষি আবু তাহের রোববার সকালে ২০ ড্রাম পাঙ্গাশ নিয়ে একটি টমটমে করে কটিয়াদী যাচ্ছিলেন। পথে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজের কাছে মফিজুর রহমান সুমন ও তার সহযোগীরা তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং টমটমসহ মাছ নিয়ে পালিয়ে যায়।
পরে আবু তাহের কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে। তবে সুমনের সহযোগীরা ততক্ষণে মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়।
আইনি পদক্ষেপ
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, যেহেতু অভিযোগকারী ও অভিযুক্ত দুজনেই বাজিতপুর উপজেলার বাসিন্দা, তাই আটক সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন নিশ্চিত করেন যে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















