ফেসবুকে ঘুরছে মৃত সাপের ছবি: জনমনে বাড়ছে আতঙ্ক
শহর ফরিদপুরে রাসেল’স ভাইপার দেখার সত্যতা মিলেনি
- আপডেট সময় : ০৭:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / 412
ফরিদপুর শহরের কমলাপুরের চাঁদমারির জনবসতি এলাকায় রাসেল ভাইপার সাপ বিচরণ করতে দেখে সেটি মেরে ফেলেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে এমন খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। তবে এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য জানতে কয়েকঘন্টা চেষ্টায় গলদঘর্ম হলেও নিশ্চিত হওয়া যায়নি বিষয়টির সত্যতা।
সম্প্রতি দেশের বিভিন্ন জেলার সাথে ফরিদপুরের চরাঞ্চলে এই সাপের বিস্তৃতির খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এতে। ফরিদপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের ভয়ে কৃষি শ্রমিক মিলছেনা বলে স্থানীয়রা জানিয়েছেন। এবার শহরেও এই সাপ মেরে ফেলার খবরে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে।
এ বিষয়ে জানতে ফরিদপুর পৌরসভার ২২ নং ওয়ার্ডভুক্ত ওই এলাকার কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা এবং সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া আক্তার ইভা ফরিদপুরের বাইরে থাকায় তারা কিছু জানেন না বলে জানান। আর যারা ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হলে তারা ছবিটি অন্যের নিকট থেকে সংগ্রহ করেছেন বলে জানান।
স্থানীয়রা জানান, এর আগে সাপটি ফরিদপুরের সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার চরাঞ্চলেই দেখা গেছে। যদিও শহরের উপকন্ঠে পদ্মাবতী ধলারমোড় এলাকায় রুবেল হোসেন নামে এক যুবক চারবছর আগে একটি রাসেল ভাইপার সাপ জীবিত অবস্থায় ধরেছিলেন। তবে শহরের কোন এলাকায় এই রাসেল ভাইপারের দেখা মেলার খবর এবারই প্রথম পাওয়া গেলো ফেসবুকে। এর সত্যতা পাওয়া গেলে সেটি শহরবাসীর জন্য নতুন উদ্বেগের বিষয়।











