২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 764
দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে তার এক সহযোগীসহ কুষ্টিয়ার একটি বাসা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি বিশেষ চৌকস দল। গ্রেফতারের সময় তার সঙ্গে ছিলেন ঢাকার অপরাধ জগতের আরেক কুখ্যাত সন্ত্রাসী মোল্লা মাসুদ। অভিযানের সময় দু’জনকেই আটক করা হয় এবং এরপর তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
গোপন সূত্রে মিলল তথ্য, ঘিরে ফেলে সেনাবাহিনী
মঙ্গলবার (২৭ মে) একটি দায়িত্বশীল সূত্র জানায়, কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসায় অবস্থান করছিলেন এই দুই সন্ত্রাসী। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল বাসাটি ঘিরে ফেলে এবং সফলভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
অস্ত্র ও গুলি উদ্ধার
অভিযান চলাকালে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।
ঢাকায় নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে
গ্রেফতারের পর সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঢাকায় নিয়ে গিয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।




















