হুথির হামলায় ঢাকায় থমকালো ৫ হাজার প্রবাসীর স্বপ্ন: বাতিল ৫১ ফ্লাইট
- আপডেট সময় : ০৭:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 75
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা ও রক্তক্ষয়ী অস্থিতিশীলতা! সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ভয়াবহ রকেট ও ড্রোন হামলার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের এভিয়েশন খাতে। নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।
হঠাৎ করে এতগুলো ফ্লাইট বাতিল হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিতে কর্মস্থলে ফেরা এবং ওমরাহগামী ৫ হাজার ৪১৮ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়ার্ড্রন লিডার সাকিব বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
স্থবির শাহজালাল: আটকা ৫ হাজার ৪১৮ যাত্রী
শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ৫১টি ফ্লাইটের মধ্যে ১২টি সরাসরি (Direct) ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট (Transit) ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল বলে ঘোষণা করা হয়। ফলে প্রায় ৫ হাজার ৪১৮ জন প্রবাসী এখন শাহজালাল বিমানবন্দরে এবং নিজ নিজ বাড়িতে চরম উদ্বেগের সঙ্গে দিন গুনছেন।
রিয়াদ বিমানবন্দরে রক্তগঙ্গা: নিহত ২ বাংলাদেশি
সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানী রিয়াদের ব্যস্ততম ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’-এর ৩ নম্বর টার্মিনালে হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র বর্ষণ করে হুথিরা। ভয়াবহ এই বিস্ফোরণে বিমানবন্দর এলাকা মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত দুই জন বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের নাগরিক রয়েছেন।
সেই ভয়াবহ হামলার ক্ষত ও আতঙ্কের রেশ কাটতে না কাটতেই রোববার ফের একই বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলা চালায় হুথিরা। ওই হামলায় এক পাকিস্তানি প্রবাসীর প্রাণহানির পাশাপাশি আরও ১১ জন মারাত্মকভাবে আহত হন।
পরপর দু’দিন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের বর্বরোচিত হামলায় সৌদি আরবের সার্বিক বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা চরম ঝুঁকিতে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্সই তাদের রুট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
















