রোজা শুরুর আগেই নির্বাচন: ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি
- আপডেট সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 280
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই পত্রটি পাঠান।
প্রধান উপদেষ্টার ভাষণের ধারাবাহিকতায় এই পদক্ষেপ
গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেওয়ার কথা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, চিঠিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়েছে।
আনন্দ ও উৎসবের নির্বাচনের প্রত্যাশা
চিঠিতে ড. ইউনূসের ভাষণের কথা উল্লেখ করে বলা হয়, বিগত ১৫ বছরে ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন নাগরিকদের জন্য মহা-আনন্দের একটি উৎসবে পরিণত হয়। এতে নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপ করা হয় এবং একটি প্রত্যাশিত মানের নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
চিঠির শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লিখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।


























