ফরিদপুরে র্যাবের জালে ৪ লাখ টাকার গাঁজার চালান, আটক ১
- আপডেট সময় : ১০:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 456
ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. রমজান মোল্লা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
র্যাবের অভিযান ও আটক
র্যাব-১০ (সিপিসি-৩), ফরিদপুর ক্যাম্প-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা টোল প্লাজার কাছে এক্সপ্রেসওয়েতে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওয়েলকাম এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালিয়ে রমজান মোল্লাকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানা গেছে, রমজান মোল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বাসের যাত্রী সেজে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে।
আইনি পদক্ষেপ
র্যাব-১০-এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত রমজান মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















