‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি
- আপডেট সময় : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 513
রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট (Life Support) দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল (আশঙ্কাজনক) হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
দিনের আলোয় গুলি, হামলাকারী মোটরসাইকেল আরোহী
আজ দুপুর ২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে এবং দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর পরই তিনি অপারেশন থিয়েটারে ছিলেন।
উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ
এদিকে, নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৮ আসনের একজন প্রার্থীর ওপর এমন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এবং ব্যাপক তদন্ত চালানোর কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, এর আগে গত ১৩ নভেম্বর শরিফ ওসমান হাদি হত্যার হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন।


























