ওসমান হাদি ‘অত্যন্ত আশঙ্কাজনক’, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত
- আপডেট সময় : ০৫:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 428
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। সার্জিক্যাল হস্তক্ষেপের পর বর্তমানে তাকে ‘কনজারভেটিভ ম্যানেজমেন্টে’ রাখা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওসমান হাদির সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তসমূহ
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর মস্তিষ্ক, ফুসফুসসহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্তিষ্কের অবস্থা: রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ‘ব্রেন প্রোটেকশন প্রটোকল’ অনুসরণ করে সব প্রয়োজনীয় সাপোর্ট চালু রাখা হবে। অবস্থার কিছুটা উন্নতি হলে পুনরায় সিটি স্ক্যান করা হতে পারে।
ফুসফুসের ইনজুরি: ফুসফুসে ইনজুরি বিদ্যমান। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প রক্ত নির্গত হওয়ায় তা চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ (infection) এবং এআরডিএস (ARDS) প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে।
কিডনির কার্যক্ষমতা: কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এবং তা বজায় রাখতে পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স (Fluid Balance) যথাযথভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।
রক্ত জমাট বাঁধা (DIC): পূর্বে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা (DIC) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সার্বক্ষণিক মনিটরিং এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।
রক্তচাপ ও হৃৎস্পন্দন: ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃৎস্পন্দন ওঠানামা করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাপোর্ট চলমান আছে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য টিম প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগসমূহের চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিবারের প্রতি অনুরোধ ও বার্তা
মেডিকেল বোর্ড রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে স্বাস্থ্যগত অবস্থা অবহিত করেছে। একই সঙ্গে জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়েছে, অপ্রয়োজনে কেউ হাসপাতালে ভিড় করবেন না এবং কোনো ভিজিটর অনুমোদিত নয়।
এছাড়াও, কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং রোগীর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



















