জামায়াত জোটের যুক্ত হলো এলডিপি ও নাগরিক পার্টি
- আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 207
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সংবাদ সম্মেলনে ঘোষণা:
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের এই নতুন সমীকরণের কথা জানান জামায়াতে ইসলামীর আমির। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন সমঝোতা ও নির্বাচন:
জামায়াত আমির জানান, এটি একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারাদেশে ৩০০ আসনের বিপরীতে শরিকদের মধ্যে আসন বণ্টন প্রায় চূড়ান্ত। এনসিপি এই জোটে কমপক্ষে ৩০টি আসন নিয়ে যুক্ত হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আসন সংখ্যাও এনসিপির কাছাকাছি থাকছে। জামায়াত আমির আরও বলেন, “আমাদের হাতে সময় কম। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ এবং ভোটের তারিখ যেন কোনোভাবেই পরিবর্তন না হয়।”
এনসিপিতে অস্থিরতা:
এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে এনসিপির অভ্যন্তরে অস্থিরতা লক্ষ্য করা গেছে। গত দুই দিনে দলের শীর্ষ পর্যায়ের দুই নেত্রী ডা. তাসনিম জারা ও তাসনূভা জাবীন পদত্যাগ করেছেন। এছাড়া আরও ৩০ জন নেতা এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সাভার ও অন্যান্য গুরুত্বপূর্ণ আসনসহ কয়েকটি জায়গায় মনোনয়নের বিষয়টি মনোনয়নপত্র জমা দেওয়ার পর চূড়ান্ত করা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।


























