জঙ্গি হামলার আশঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- আপডেট সময় : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 129
রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পুলিশ সদর দপ্তরের এক বিশেষ চিঠির প্রেক্ষিতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় আয়োজিত এক সংবাদে এই তথ্য নিশ্চিত করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
নিরাপত্তার নতুন বলয়:
বেবিচক চেয়ারম্যান জানান, বিমানবন্দরগুলো সব সময় নিরাপত্তা বলয়ের মধ্যে থাকলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরে কর্মরত সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অ্যারাইভাল ও ডিপারচার—উভয় ক্ষেত্রেই তল্লাশি জোরদার করা হয়েছে। এমনকি যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না, সেগুলোতেও বিশেষ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
কেন এই সতর্কতা?
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসানের সই করা এক দাপ্তরিক চিঠিতে জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করা হয়। চিঠির তথ্যানুযায়ী, একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে সুসমন্বিত হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য:
পুলিশ সূত্র জানিয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্করের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই গোষ্ঠীটি হামলা চালানোর জন্য বিভিন্ন নতুন পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত সরাসরি কোনো বড় হুমকি না পাওয়া গেলেও আমরা আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নিয়েছি। বিমানবন্দরকে শতভাগ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর।”
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কোনো অস্বাভাবিক কিছু দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।























