কঠোর অবস্থানে প্রশাসন: রাজধানীতে ২৪৮ অপরাধী গ্রেফতার, টহল ও তল্লাশি জোরদার
- আপডেট সময় : ১২:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 168
১. ভূমিকা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা
রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়েছে। খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ ঠেকাতে টহল কার্যক্রম ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।
২. গ্রেফতার অভিযান ও পুলিশের ভাষ্য
স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি নির্দেশের পর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৪৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বেশির ভাগই চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত। তবে তাদের বেপরোয়া কার্যক্রমের পেছনে কেউ ইন্ধন জুগিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং গ্রুপের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। তাদের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিষয়টি তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধীরা কেন হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে, এর পেছনের কারণও খোঁজা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে ২৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন মাদক কারবারি এবং ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, মাদকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) আকরাম হোসেন জানান, সোমবার রাত থেকে পুলিশের কার্যক্রমে সর্বোচ্চ জোর দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল ও চেকপোস্টসহ নিরাপত্তাসংশ্লিষ্ট সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবেও টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
৫. স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার সন্ধ্যার পর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে কারো গাফিলতি থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তায় ৫০০ টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ৩১টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
র্যাব জানায়, প্রকৃত অপরাধীকে গ্রেফতার অভিযান বৃদ্ধি করা হয়েছে। যে কোনো সময় সহযোগিতা পেতে ভুক্তভোগীরা র্যাব কন্ট্রোল রুমের হটলাইন নম্বরে (০১৭৭৭৭২০০২৯) জানাতে পারবেন।
উত্তরায় ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী ও হাবিব হাসানের নির্দেশে ছাত্র-জনতার ওপর আজমপুর এলাকায় হামলার নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সানি ওরফে লাড়া দে সানিকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
এদিকে বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। গত রোববার রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। জড়িতদের গ্রেফতারে একাধিক দল কাজ করছে বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।


























