ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
- আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 738
ফরিদপুরের ভাঙ্গায় এক ব্যক্তির বিরুদ্ধে তার নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোস্তফা মোল্লা (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে।
পুলিশ জানায়, খবর পেয়ে ভাঙ্গা থানার একটি দল রবিবার রাতে ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত মোস্তফা মোল্লাকে গ্রেপ্তার করে।
মোস্তফা মোল্লার বাড়ি পার্শ্ববর্তী সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক। দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি ভাঙ্গার বড়পাল্লা গ্রামে তার শ্যালকের বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর অভিযোগ অনুযায়ী, মেয়েটি প্রায় চার মাস ধরে তার বাবার দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।











