ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল নিয়ে রণক্ষেত্র, আহত অর্ধশত তিন বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০১:০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 1785
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার, বাসস্ট্যান্ড দখল এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুই স্থানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। সংঘর্ষ চলাকালে প্রায় ১০টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং ৫টি খড় ও পাটকাঠির গাদিসহ ঘরে অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুকুরিয়া এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দীর্ঘদিনের বিরোধের জেরে সহিংসতা
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য কাজী জাফর উল্লাহর পক্ষের সুলতান মাতুব্বর ও মজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষের ইয়াকুব মাতুব্বর গ্রুপের মধ্যে পুকুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ১৭ বছর ধরে প্রতিমাসে বাজার ও বাসস্ট্যান্ড থেকে কয়েক লাখ টাকা চাঁদা ও খাজনা আদায় করে, দুই গ্রুপ তা ভাগ-বাটোয়ারা করে নিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির লোকজনও উভয় পক্ষের সঙ্গে যুক্ত হয়।
পৃথক দুই স্থানে সংঘর্ষ ও আহতের সংখ্যা
আজ রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড দখল নিয়ে সুলতান মাতুব্বর ও ইয়াকুব মাতুব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
অপরদিকে, বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে আমপাড়া নিয়ে আলী মিয়া ও দেলোয়ার মিয়ার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সুয়াদী গ্রামে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে অনেককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,
“গত দুই দিন ধরে পুকুরিয়া, সুয়াদী ও আজিমনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুকুরিয়া এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















