ফরিদপুরে ৯৯৯-এ কলে গ্রেফতার ৩ ছিনতাইকারী
- আপডেট সময় : ১২:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 428
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অস্ত্রের মুখে অটোরিকশা চালককে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ভুক্তভোগী চালকের তাৎক্ষণিক ফোন ও পুলিশের সাহসিকতাপূর্ণ অভিযানে তাদের হাতেনাতে ধরা সম্ভব হয়। শনিবার (২৮ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ ও চালকের সাহসিকতা
গত শুক্রবার (২৭ মার্চ) সকালে মালিগ্রাম এলাকা থেকে যাত্রী নিয়ে পুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন চালক সাগর মাতুব্বর। পথে সরিলদিয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পৌঁছালে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী তাকে ধারালো চাকুর মুখে জিম্মি করে। তারা চালকের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই চালক সাহসিকতার সঙ্গে ৯৯৯-এ ফোন দিয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। বেগতিক দেখে ছিনতাইকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
পুলিশি অভিযান ও গ্রেফতার
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দিন-রাতব্যাপী সাঁড়াশি অভিযান চালায়। প্রথমে মেহেদী আকন্দ (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তামিম মাতুব্বর (২২) ও বায়েজিদ তালুকদার (২১) নামে আরও দুই সহযোগীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা সবাই আজিমনগর ইউনিয়নের বাসিন্দা। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু ও ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি-র বক্তব্য
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, “জনগণের সহযোগিতা ও ৯৯৯-এ দ্রুত কল দেওয়ার কারণেই অপরাধীদের দ্রুত ধরা সম্ভব হয়েছে। অপরাধ দমনে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”





















