ফরিদপুরে ভিক্ষুকের ৫ বছরের জমানো সঞ্চয় কেড়ে নিল মাদকসেবীরা
- আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 378
পাঁচ বছরের হাড়ভাঙা খাটুনি, মানুষের দ্বারে দ্বারে হাত পাতা আর প্রতিদিনের হাজারো অপমান সয়ে তিল তিল করে জমানো ৮০ হাজার টাকা—সবই এক মুহূর্তে হারালেন ৬৫ বছরের বৃদ্ধা শিরিয়া বেগম। এই সঞ্চয়ই ছিল তার শেষ সম্বল। কিন্তু সেই টাকা চুরির অভিযোগ উঠেছে স্থানীয় মাদকসেবীদের বিরুদ্ধে। শুধু চুরিই নয়, টাকা ফেরত চাইতে গেলে ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
ঘটনার বিবরণ ও বৃদ্ধার আর্তনাদ:
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এসে কান্নাভেজা চোখে শিরিয়া বেগম জানান, তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মীরেরগ্রাম আশ্রয়ণ প্রকল্পে গত ৫ বছর ধরে বসবাস করছেন। তিন দিন আগে তার ঘরের চৌকির তোশকের নিচ থেকে জমানো সব টাকা চুরি হয়।
শিরিয়া বেগম অভিযোগ করে বলেন, তার পাশের ঘরে ভাড়া নিয়ে থাকা মন্ডল নামে এক ব্যক্তি এই টাকা চুরি করেছেন। অভিযুক্ত মন্ডল কুষ্টিয়া জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই গুচ্ছগ্রামে বসবাস করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শিরিয়া বেগম জানান, প্রতিদিন রাত হলেই মন্ডলের ঘরে মাদক ও জুয়ার আসর বসে এবং বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত লোকজনের আনাগোনা চলে।
মারধর ও হুমকির অভিযোগ:
টাকা চুরির বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানাতে গেলে শিরিয়া বেগমের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। বৃদ্ধার দাবি, মন্ডল ও তার সহযোগীরা তাকে কেবল গালিগালাজই করেনি, বরং তাকে মারধর করেছে। বিশেষ করে উজ্জ্বল নামে এক ব্যক্তি তাকে বেধড়ক মারধর করেন এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
কান্নাজড়িত কণ্ঠে শিরিয়া বেগম বলেন, “আমি এই টাকা একদিনে জোগাড় করি নাই। বছরের পর বছর মানুষের কাছে হাত পেতে তিল তিল করে জমাইছি। এই টাকা দিয়া নিজের ওষুধ কিনতাম, কোনোমতে বাঁচতাম। এখন আমার সব শেষ।”
প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, বিষয়টি তার জানা নেই, তবে ভুক্তভোগী বৃদ্ধা থানায় এসে লিখিত অভিযোগ দিলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।




















