ব্রেকিং নিউজ: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 297
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুরুত্বপূর্ণ ৩ নেতার আসন
দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকায় দলের শীর্ষ তিন নেতার আসন চূড়ান্ত করা হয়েছে:
নেতা আসন সংখ্যা আসনসমূহ
বেগম খালেদা জিয়া (চেয়ারপারসন) ৩টি বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১
তারেক রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ১টি বগুড়া-৬
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব) ১টি ঠাকুরগাঁও-১
দীর্ঘ ১৬ বছর পর গণতান্ত্রিক নির্বাচন
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের পর এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
গণতান্ত্রিক প্রত্যাশা: মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে।”
জোট শরিকদের সমন্বয়: তিনি আরও জানান, যেসব আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, সেই আসনগুলোতে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করা হবে এবং বিএনপি সেটি সমন্বয় করে নেবে।

























