শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 72
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলীয় সিদ্ধান্ত:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দুর্গাপুর দাওকান্দি সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষার চলাকালীন ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপি নেতা আকবর আলীর নেতৃত্বে একদল লোক কলেজে প্রবেশ করে। তারা অধ্যক্ষের কাছে চাঁদা দাবি এবং বিভিন্ন অজুহাতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রভাষক আলেয়া খাতুন হীরাসহ বেশ কয়েকজন শিক্ষকের ওপর হামলা ও অফিস কক্ষে ভাঙচুর চালানো হয়। এ সময় ওই নারী শিক্ষিকাকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে নিন্দার ঝড় ওঠে।
আহত ও বর্তমান অবস্থা:
এই হামলায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রভাষক আলেয়া খাতুন হীরাসহ অন্তত পাঁচজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যক্ষের অভিযোগ, গত চার মাস ধরে একটি চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল, যা প্রত্যাখ্যান করায় এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার দিন পুলিশ উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করেছিল। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




















