বিএনপির নিরঙ্কুশ জয়: ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ
- আপডেট সময় : ০১:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 98
ঢাকা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন পর্যন্ত ঘোষিত ২৬০টি আসনের ফলাফলে বিএনপি ও তাদের জোট ১৯৭টি আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে বাংলাদেশ।
৩৫ বছর পর নতুন ইতিহাস
বাংলাদেশের রাজনীতিতে এই জয় এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সাড়ে তিন দশক এ দেশ নারী প্রধানমন্ত্রীদের (খালেদা জিয়া ও শেখ হাসিনা) শাসনামল দেখেছে। সর্বশেষ ১৯৮৮ সালে এরশাদ সরকারের আমলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ৩৫ বছর পর তারেক রহমানের হাত ধরে দেশ পুনরায় একজন পুরুষ প্রধানমন্ত্রীর নেতৃত্ব পেতে যাচ্ছে।
এক নজরে নির্বাচনের ফলাফল (২৬০ আসন)
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী:
বিএনপি ও জোট: ১৯৭টি আসন।
জামায়াতে ইসলামী (১১ দলীয় জোট): ৫৮টি আসন।
অন্যান্য ও স্বতন্ত্র: ৪টি আসন।
বিজয় মিছিলে নিষেধাজ্ঞা ও শুকরিয়া কর্মসূচি
নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও কোনো ধরনের বিজয় মিছিল না করার কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি কেন্দ্র। দলের প্রেস উইং জানিয়েছে, এই বিজয় উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের নিজ নিজ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করবেন।
তরুণ ভোটারদের জয়জয়কার
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে তরুণ ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগামীর বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয়ে এই তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই মূলত নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
মোট আসন: ২৯৯টি (শেরপুর-৩ স্থগিত)।
মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ২,০২৯ জন।
নিরাপত্তা ও কেন্দ্র: ৪২,৭৭৯টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট সম্পন্ন হয়।
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় গণনা। মধ্যরাতে বিজয়ের খবর নিশ্চিত হওয়ার পর সারা দেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নতুন দিনের প্রত্যাশা দেখা গেছে।

























