ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি
- আপডেট সময় : ০৬:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 317
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে এবং তিনি বর্তমানে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা গুরুতর।
জানা যায়, রাজধানীর পল্টন এলাকায় প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিতে শরিফ ওসমান হাদীর চোয়ালের নিচের অংশে আঘাত লেগেছে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের মানুষজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এর আগেও হত্যার হুমকি পেয়েছিলেন ওসমান হাদি
উল্লেখ্য, এর আগে গত ১৩ নভেম্বর শরিফ ওসমান হাদি সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন।
ওই সময় তিনি জানিয়েছিলেন, তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল এবং টেক্সট মেসেজের মাধ্যমে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে।”
তিনি আরও লেখেন, “যার সামারি হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে। এবং আমাকে হত্যা করবে।”
হাদি তার পোস্টে বলেছিলেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।” এই হুমকির কিছুদিন পরই তিনি গুলিবিদ্ধ হলেন।
ঘটনাটির কারণ ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।
















