আ.লীগ নেতাকর্মী ধরলে ৫ হাজার টাকা পুরস্কার, এর নেপথ্যে কি?
- আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 265
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নির্দিষ্টভাবে এমন কোনো পুরস্কারের ঘোষণা তাদের জানা নেই।
পুরস্কারের ঘোষণাটি শুধুই গুজব: ডিএমপি
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “স্বাভাবিকভাবে আমাদের অফিসার বা ফোর্স কোনো ভালো কাজ করলে সবসময় আমরা সেটিকে উৎসাহিত করে থাকি। তবে বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় ৫ হাজার টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই।” তিনি আরও জানান, আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয়টি আইনিভাবেই রয়েছে, কিন্তু এই নির্দিষ্ট ঘোষণাটি তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
নিরাপত্তায় নিশ্চিন্তে চলাচলের আশ্বাস
ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারও চলাচল নিরুৎসাহিত করা হয়নি। আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।”





















