ফরিদপুরে প্রার্থীর গাড়ি পোড়ানোর হুমকি, বিএনপি নেতার কলরেকর্ড ভাইরাল
- আপডেট সময় : ০২:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 914
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বইছে উত্তেজনার হাওয়া। এর মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি সংক্রান্ত একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট ও ভাইরাল কলরেকর্ড:
ভাইরাল হওয়া কলরেকর্ডটি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার এবং মাওলানা শোয়াইব ইসলামের মধ্যকার কথোপকথন বলে দাবি করা হচ্ছে। মাওলানা শোয়াইব রিকশা প্রতীকের প্রার্থী ধলা হুজুরকে বনগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য আনার সিদ্ধান্ত নিলে রবি মেম্বার তাতে বাধা দেন।
অডিওতে রবি মেম্বারকে বলতে শোনা যায়, “তোর ভোট দেওয়ার দরকার হইলে তুই হুজুরকে ভোট দে, কিন্তু হুজুরকে আনার দরকার নাই। তোর ধলা হুজুর কেন, ধলা হুজুরের বাপও বনগ্রাম মোড়ে আসতে পারবে না। গাড়ি দিবানে জ্বালাইয়া।”
অভিযুক্ত রবি মেম্বারের দাবি:
হুমকির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা রবিউল ইসলাম দাবি করেন, অডিওটি এআই (AI) দিয়ে এডিট করে বিকৃত করা হয়েছে। তিনি বলেন, “মাওলানা শোয়াইব আমাদের এলাকার এক বিএনপি সমর্থকের বাড়িতে জোরপূর্বক কর্মসূচি করতে চাচ্ছিল। বাড়ির মালিক বিব্রত হয়ে আমাকে জানালে আমি শুধু বলেছি—মালিকের অমতে সেখানে কেন যাবেন। আমার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”
রিকশা প্রতীকের প্রার্থীর প্রতিক্রিয়া:
আল্লামা শাহ আকরাম আলীর নির্বাচনী মুখপাত্র মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান বলেন, “আমাদের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। রবি মেম্বারের বক্তব্য নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের নেতাকর্মীরা এখন আতঙ্কে রয়েছে। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”
প্রশাসনের অবস্থান:
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। টহল টিম কাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরকান্দা (সালথা সার্কেল) সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ‘বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, হুমকির বিষয়ে জিডি করলে তা নেওয়া হবে। ওই এলাকায় নাইট পেট্রোলিং(রাতের টহল) ও ইন্টার্নাল সোর্স বৃদ্ধি করা হয়েছে।’
বিষয়টি নিয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ইলেক্টরাল তদন্ত কমিটির নিকট দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান (বাবুল) বলেন, ‘সে আমাদের দলের কেউ না, দলে তার কোনো পদ নেই। পদ থাকলে তো বহিষ্কার করা যায়। আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগ করতো, এখন সুর বদলাইয়া বিএনপি হয়েছে। দলের পক্ষ থেকে তাকে চাপ প্রয়োগ করা হয়েছে।’


















