পুলিশের ওপর হামলা, ফরিদপুরে কৃষক লীগ নেতা আটক
- আপডেট সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 598
ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয় কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনায় হামলাকারী নেতাকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম খোরশেদ খান। তিনি ওই গ্রামের উসমান খানের ছেলে এবং গট্টি ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের একটি দল আগুলদিয়া মোড় এলাকায় অভিযানে যায়। সে সময় আসামি গ্রেফতারে সরাসরি বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে তিনি পুলিশের ওপর হামলা চালান। হামলায় সালথা থানার এএসআই মুকুল আহত হন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে খোরশেদ খান বাধা দেন এবং আমাদের এক সহকর্মীর ওপর হামলা চালান। হামলায় এএসআই মুকুল আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”




















