ফরিদপুরে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 612
ফরিদপুর শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের ছিনতাইবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দু’রাতে মোট ১০ জন ছিনতাইকারী সন্দেহে আটক হলো।
গ্রেপ্তারকৃত এই দুই জনকে রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেপ্তার করা হয়:
দুদুমিয়া ওরফে সায়েম (২১): ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার ফেলা মোল্লার ছেলে।
খাজা বেপারী (২০): মুন্সিবাজার এলাকার মৃত সিদ্দিক বেপারীর ছেলে।
অভিযান ও পুলিশের বক্তব্য
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুর শহরে ছিনতাইবিরোধী বিশেষ অভিযান চলছে।
তিনি জানান, শনিবার রাতে ছিনতাইকারী সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় এলোমেলো ঘোরাফেরা করছিল এবং তাদের এই ঘোরাফেরার সঠিক কারণ তারা জানাতে পারেনি।
অতিরিক্ত পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছিনতাইকারীকে ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এক অভিযানে পুলিশ ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল।
















