ফরিদপুরে তরুণী খুন: ভাড়া বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 919
ফরিদপুর শহরের রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (১৯) নামের এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দু’দিন আগে তাকে হত্যার পর মরদেহটি ফেলে রাখা হয়েছিল।
ভাড়াটিয়াদের পরিচয় ও রহস্যজনক পলাতক
নিহত মিম শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের বাসিন্দা। প্রায় ছয় মাস আগে মিরাজ বিশ্বাস (২৫) নামের এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। মিম একটি বিউটি পার্লারে কাজ করতেন এবং মিরাজ ছিলেন একটি দোকানের কর্মচারী।
বাড়িওয়ালার স্ত্রী নীরুন্নাহার বারী জানান, ভাড়াটিয়া দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ ভোরে মিরাজ তার এক আত্মীয় মারা যাওয়ার কথা বলে গেটের তালা খুলে দিতে বলেন এবং পালিয়ে যান। পরে সকালে আরও দুজন যুবক মিরাজের আত্মীয় পরিচয়ে এসে বাসার ভেতরে মিমের মৃতদেহ দেখতে পান এবং কৌশলে সেখান থেকে পালিয়ে যান। এরপরই বাড়িওয়ালা পুলিশকে খবর দেন।
পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, দু’দিন আগে তাকে খুন করা হয়েছে, কারণ মরদেহে কিছুটা পচন ধরেছে।” তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পুলিশ কাজ করছে।





















