‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 291
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে তিনি এ ঐতিহাসিক দলিলটি পাঠ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও মূল লক্ষ্য
ড. ইউনূস তাঁর ঘোষণাপত্রে বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধই ছিল জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।
ঘোষণাপত্রে বলা হয়, তথাকথিত উন্নয়নের নামে বিগত সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। সরকারবিরোধী আন্দোলন দমাতে তারা জেল-জুলুম, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে।
সংবিধান ও রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা
প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের পদ্ধতি ও কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগের কারণে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নষ্ট করে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠা করে। এই শাসনামলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয় এবং দেশ আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়।
গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার গঠন
ঘোষণাপত্রে জানানো হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার ও দুর্নীতি প্রতিরোধের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ৫ই আগস্ট জনগণের উত্তাল আন্দোলনের মুখে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
ড. ইউনূস বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম কোর্টের মতামতের ভিত্তিতে গত ৮ আগস্ট তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা ও বিচার প্রক্রিয়া
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সংস্কারকৃত সংবিধানে এই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং সকল ধরণের নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য জনগণ দৃঢ় প্রতিজ্ঞ।


























