তদন্ত ছাড়াই ‘জুলাইযোদ্ধা’ সুরভীকে রিমান্ড: অবশেষে কারামুক্তি
- আপডেট সময় : ০৯:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 325
অবশেষে কারাগার থেকে মুক্ত হলেন আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এর আগে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
সারাদিনের নাটকীয়তা:
আজকের দিনটি ছিল সুরভীকে ঘিরে চরম নাটকীয়তায় ভরা। দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুরভীকে একটি চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে ছাত্র-শ্রমিক-জনতা ব্যাপক বিক্ষোভ শুরু করে।
তদন্ত ছাড়াই রিমান্ডের অভিযোগ:
রিমান্ড আদেশের পর প্রিজন ভ্যানে ওঠার সময় ১৭ বছর বয়সী সুরভী চিৎকার করে বলতে থাকেন, “কোনো তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি।” এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
আইন উপদেষ্টার হস্তক্ষেপ:
বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুলের নজরে এলে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, সুরভীর বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন এবং সে দ্রুত প্রতিকার পাবে। এরপরই সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সামনের সারির এই যোদ্ধাকে তুচ্ছ চাঁদাবাজির মামলায় জড়িয়ে রিমান্ড দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সচেতন মহলে।





















