আলিপুর টি-১০ ফাইনাল: এএমসি চ্যাম্পিয়ন, অনুষ্ঠানে নায়াব ইউসুফ
- আপডেট সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 340
উৎসবমুখর পরিবেশে শেষ হলো আলিপুর যুব সমাজের আয়োজনে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। আজ শুক্রবার বিকেলে আলিপুরের প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাজবাড়ীর সুজন মালিক স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। টুর্নামেন্টের মাঝে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা শোক আর উৎসবের এক ভিন্ন মাত্রা যোগ করে।
চ্যাম্পিয়ন কুষ্টিয়ার এএমসি: পুরস্কার বিতরণী
গত ১৫ এপ্রিল থেকে নকআউট পদ্ধতিতে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল শেষে বিজয়ী দল এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের গুল্টিকে ম্যান অব দ্য ম্যাচ এবং রানার আপ রাজবাড়ী সুজন মালিক দলের ইকবালকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে ৩০,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়।
খেলা পরিচালনাকারী দুই আম্পায়ার মিলন শেখ ও নাজমুল ইসলাম এবং ধারাভাষ্যকার বাবুল হুসাইনকেও শুভেচ্ছা জানানো হয়।
অতিথিবৃন্দ ও যুব সমাজের প্রতি বার্তা
ফাইনাল খেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি উভয় দলের বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন, যেখানে পুরুষ দর্শকদের পাশাপাশি মহিলা দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। খেলা উপলক্ষে মাঠে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে ধরে আনা সম্ভব। বক্তারা যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর জোর দেন। তারা বর্তমান যুব সমাজের ফেসবুক ও মোবাইল গেমে ঝুঁকে পড়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অতিথিরা চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতে যেকোনো আয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
টুর্নামেন্ট আয়োজনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন মাহমুদুল হাসান, মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক, মো. হামজা বারী, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ টিটন, মোহাম্মদ জহির প্রমুখ।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
উল্লেখ্য, খেলার মধ্য বিরতির সময় ঢাকার দিয়া বাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

















