মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 23
ফরিদপুরের মধুখালী উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মধুখালী পৌরসভার সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ‘লিটন ডেকোরেটর’ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার (২৪ জুন) গভীর রাতে মধুখালী থানার ঠিক সামনে অবস্থিত এই ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
চোখের সামনেই পুড়ল ২৭ বছরের স্বপ্ন:
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটন জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যা ৭টার দিকে কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে গভীর রাতে পাশের এক ব্যবসায়ী ফোন করে তাকে দোকানে আগুন লাগার খবর দেন।
তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি পুরো দোকান দাউদাউ করে জ্বলছে। তখন এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ চালু হলে আমি আতঙ্কিত হয়ে পড়ি এবং দ্রুত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাকে ফোন করে লাইন বিচ্ছিন্ন করতে বলি। তিনি তাৎক্ষণিকভাবে লাইনটি কাটলেও ততক্ষণে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আমার ২৭ বছরের তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠানটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল।”
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ:
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ডেকোরেটরের ভেতরে বিপুল পরিমাণ কাপড়, প্লাস্টিকের চেয়ার-টেবিল ও বৈদ্যুতিক তারসহ দাহ্য সামগ্রী থাকায় আগুন খুব দ্রুত তীব্র আকার ধারণ করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে কয়লা হয়ে যায়।
তদন্তে ফায়ার সার্ভিস:
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















