নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত! বিরোধীদের দাবিতে জল ঢেলে অনড় শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 57
প্রশ্নফাঁসের কলঙ্ক লেগেছে দেশের অন্যতম বৃহৎ প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর গায়ে। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অন্ধকারের মুখোমুখি, তখন ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে দেশের কোণায় কোণায় চলছে শিক্ষার্থীদের অগ্নিগর্ভ আন্দোলন। রাজপথ কাঁপিয়ে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের একটাই কড়া চাবুক—৫৫ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কিন্তু এই নজিরবিহীন ও বর্বরোচিত বিতর্কের ঝড়ের মধ্যেও মোদি সরকার সাফ জানিয়ে দিল, শিক্ষামন্ত্রীর কুর্সি ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। রাজপথের দাবিকে এক ঝটকায় উড়িয়ে মন্ত্রীর পাশেই পাহাড়ের মতো দাঁড়িয়েছে দিল্লির সাউথ ব্লক।
সরকারি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মোদি সরকারের স্পষ্ট অবস্থান হলো—“পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সরকার পালাবার পথ খুঁজছে না। সরকার মন্ত্রীর পাশেই রয়েছে।”
যন্তর মন্তরে বিরোধীদের গর্জন: অনড় ধর্মেন্দ্র প্রধান
দিল্লির যন্তর মন্তরে বিভিন্ন ছাত্র সংগঠন ও বিরোধী শিবিরের নেতারা ব্যানার-ফেস্টুন হাতে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন। আন্দোলনকারীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেও, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ডায়েরিতে যেন অন্য চিত্র। পদত্যাগের চাপকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ধর্মেন্দ্র প্রধান নিজের রুটিন কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমানভাবে সক্রিয়।
সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট পুনঃশেয়ার করেছেন, যেখানে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনি চাবুক মারার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। শুধু তাই নয়, এর মাঝেই তিনি ওড়িশার সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা নিয়ে বৈঠক করেছেন, জগন্নাথ দেবের ‘বাহুড়া যাত্রা’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। এমনকি গত ২২ জুলাই বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুই দিনের এক হাই-ভোল্টেজ সম্মেলনেও নিজের নীতিগত অবস্থান স্পষ্ট করে বক্তব্য রেখেছেন তিনি।
‘পদত্যাগ নয়, সমাধান চাই’: সরকারের শীর্ষ মহলের সাফ কথা
নাম প্রকাশে অনিচ্ছুক নরেন্দ্র মোদি সরকারের এক শীর্ষ আমলা অত্যন্ত কড়া সুরে বলেন, “জনগণ সরকারকে কাজ করার দায়িত্ব দিয়েছে, পলায়নবাদের জন্য নয়। আমরা সেটাই করব।” তাঁর দাবি, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) বিদ্যমান কাঠামোগত গলদগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের যুদ্ধকালীন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক মাফিয়া চক্রকে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা গ্রেপ্তার করেছে এবং এই চক্রের শিকড় উপড়ে ফেলতে আরও বড় পদক্ষেপের প্রস্তুতি চলছে।

























