হাদিকে হত্যাচেষ্টা: ‘আমাদের এজেন্ট’, উল্লাস ভারতীয় অ্যাক্টিভিস্টদের
- আপডেট সময় : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 595
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় যখন দেশের ভেতরে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে, ঠিক তখনই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী এবং বিজেপি-ঘনিষ্ঠ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট। তারা হামলাকারী শুটারকে নিজেদের ‘এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানাচ্ছেন।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতের অনলাইন অ্যাক্টিভিস্টদের উল্লাস
গত তিন দিন ধরে ‘দ্য ডিসেন্ট এক্স’ প্ল্যাটফর্মে অনুসন্ধানের পর ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যারা হাদির হত্যাচেষ্টার পর উল্লাস করেছে এবং আক্রমণকারীদের ‘ভারতীয় স্বার্থরক্ষাকারী এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানাচ্ছে। শুধু তাই নয়, হাদির একটি পুরনো ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে তারা এই হত্যাচেষ্টাকে সমর্থন ও ‘প্রয়োজনীয়’ আখ্যা দিয়েছে।
সাবেক সেনা কর্মকর্তার উস্কানিমূলক মন্তব্য
ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ Youth4Nation –TN Chapter-এর সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার (অব.) তাঁর এক্স পোস্টে দাবি করেন, ওসমান হাদি নাকি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করে ‘গ্রেটার বাংলাদেশ’ গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, এই কারণেই ঢাকায় অজ্ঞাতনামাদের দ্বারা তিনি গুলিবিদ্ধ হয়েছেন। মেজর মাধান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পক্ষে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন।
#Dhurandar হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচার
অনুসন্ধানে দেখা যায়, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ‘ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন’—এমন একই দাবি ছড়িয়ে দেওয়া হয়।
BhikuMhatre নামে একটি ভারতীয় অ্যাকাউন্ট একই দাবি করে এবং হামলাকারীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ভারতীয়রা কিছু #Dhurandar-এর জন্য নিরাপদ আছে। এই পোস্টের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-কে প্রশংসা করা একটি চলচ্চিত্রের দৃশ্য যুক্ত করা হয়।
উগ্র হিন্দুত্ববাদী অ্যাকটিভিস্ট ও বিজেপির ক্যাম্পেইনার ড. রাজেশ পাটিল এক দীর্ঘ পোস্টে দাবি করেন, একজন #Dhurandar হাদিকে তার ভারতবিরোধিতার জন্য হত্যা করার সিদ্ধান্ত নেয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভারতবিরোধিতা করবে, #Dhurandar তাদের দেখে নেবে।
এছাড়াও India Strikes নামে আরেক ভারতীয় অ্যাকাউন্ট দাবি করেছে, DHURANDHAR বাংলাদেশে সক্রিয় এবং হাদি ভারত দখল করতে চাওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে। বহু পোস্টে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে #Dhurandar হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদেরকে ‘ধন্যবাদ’ জানানো হয়েছে।
হামলার ঘটনা
উল্লেখযোগ্য, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।

























