হাদি হামলা: ভারতে পালিয়ে শুটারের সেলফি, নম্বর দিলেন নানকের পিএস!
- আপডেট সময় : ১২:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 903
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, ভারতে পালিয়ে যাওয়ার পর হামলাকারী শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সেলফি পাঠিয়েছেন এবং তাঁকে একটি ভারতীয় নম্বর সংগ্রহ করে দিয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সচিব (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব।
এর আগে সাংবাদিক সায়েরই প্রথম দাবি করেছিলেন যে শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
সাংবাদিক সায়েরের নতুন বিস্ফোরক দাবি
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় নম্বর (যেমন: +৯১৬০০১৩৯৪০**) সংগ্রহ করে দেন।
সায়েরের দাবি, “এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।” তিনি আরও দাবি করেন, “যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।”
হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি
এদিকে, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় চলন্ত অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।











