৫ বছরে ৪ কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 184
জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নারীর ক্ষমতায়নে বড় পদক্ষেপ:
সরকারপ্রধান বলেন, নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করার লক্ষ্যেই এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক দিন কারণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। তিনি ঘোষণা দেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
কৃষক কার্ডের সুখবর:
প্রধানমন্ত্রী আরও জানান, সরকার শুধু নারীদের জন্য নয়, কৃষকদের উন্নয়নেও কাজ শুরু করেছে। ইতোমধ্যে ‘কৃষক কার্ড’-এর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আগামী মাসের মধ্যেই দেশের বহু কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
ঘরে বসেই মিলবে ভাতা:
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি উপকারভোগী পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। কোনো ঝামেলা ছাড়াই উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে এই টাকা পৌঁছে যাবে। পরীক্ষামূলক পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ হাজার নারীর হাতে কার্ড তুলে দিয়ে এই যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি সাধারণ মানুষের আস্থার নাম।
















