জবিতে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি
- আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / 409
এক ছাত্রীর যৌন নিপীড়ন অভিযোগের প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁর বিরুদ্ধে ওই ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, তিনি ওই বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন। তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর মেয়েটি এই অভিযোগ করার পর তাঁকে হেনস্তায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন তিনি। এ ঘটনায় অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের অভিযোগে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের অভিযুক্ত শিক্ষক প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অভিযুক্ত অপর শিক্ষক অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

























