ফরিদপুরে যৌথ বাহিনীর হানা, বাসস্ট্যান্ড থেকে দুই চাঁদাবাজ হাতেনাতে আটক
- আপডেট সময় : ১২:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 834
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালি বাসস্ট্যান্ডে চাঁদা তোলার সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। আটকরা হলেন—মতিয়ার রহমান (৫৭) ও রকিব বিশ্বাস (৬৫)। শুক্রবার (৯ মে) দুপুরে সেনাবাহিনী, পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে তাদের আটক করে সরাসরি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সন্ধ্যায় মধুখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেবেকা সুলতানা জানান, দণ্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
বাসস্ট্যান্ডে গোপন নজরদারি ও পরিকল্পিত অভিযান
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, কামারখালি বাসস্ট্যান্ডে নিয়মিতভাবে ঢাকা ও অন্যান্য এলাকা থেকে আসা বাসের চালক ও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে একটি চক্র। বিষয়টি গোয়েন্দা নজরে আসার পর ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্প নজরদারি জোরদার করে এবং অবশেষে শুক্রবার বিকেলে একটি পরিকল্পিত অভিযান চালানো হয়।
অভিযানে ওই দুই ব্যক্তি নগদ টাকাসহ চাঁদা তোলার মুহূর্তে হাতেনাতে ধরা পড়েন। মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।




















